বাংলাদেশ থেকে পাঁচ হাজার কৃষক এবং পাঁচ হাজার মৎস্যজীবী নেবে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। আগামী মাসে ওমান সরকারের একটি প্রতিনিধিদল ঢাকা সফরে আসলে আলোচনার মাধ্যমে বিষয়টি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

ওমানের সঙ্গে চুক্তি সই হয়েছে জানিয়ে শামা ওবায়েদ বলেন, বিগত সরকারের সময় বিভিন্ন কারণে ওমানের ভিসা বন্ধ হয়েছিল। কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে আমরা চেষ্টা করছি, যাতে বাংলাদেশীরা এখন আবার নিয়মিত ওমানে যেতে পারে। নতুন বাংলাদেশে নতুন সরকার আসার পরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যে কারিগরি শিক্ষাকে জোর দিয়ে দক্ষ অভিবাসনের দিতে জোর দিচ্ছি- বিষয়টিও আমরা ওমানের সরকারের কাছে তুলে ধরেছি। আমরা চেষ্টা করছি দক্ষ হয়ে মানুষ যাতে বিদেশ গিয়ে বিভিন্ন খাতে কাজ করতে পারে।

বিভিন্ন দেশের ভিসা, কাগজপত্র জটিলতা ও দুবাইয়ের পরিস্থিতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন,

আমরা প্রবাসী কল্যাণে অত্যন্ত নিবিড়ভাবে কাজ করছি। আরব আমিরাতে কর্মীদের ভিসা অটো ক্যান্সেলেশন হচ্ছে এ বিষয়ে সম্প্রতি কয়েকটি মিটিং করেছি। তবে সমস্যাটি শুধু বাংলাদেশের না, এটা পাকিস্তান, নেপাল ও অন্যান্য দেশের ক্ষেত্রেও ঘটছে। আমরা চেষ্টা করছি তাদের সঙ্গে কূটনৈতিক তৎপরতা চালু রাখতে, যাতে এই সমস্যার দ্রুত সমাধান করতে পারি।

মালয়েশিয়ায় কর্মী পাঠানো প্রসঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, যত দূর জানি—পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যে তথ্য, সে অনুযায়ী আমরা বিশ্বাস করি যে, প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় যে সফরটি হয়েছে তা সফল। মালয়েশিয়ায় শিগগিরই আমাদের বাংলাদেশী ভাইয়েরা আবার যেতে পারবেন। তবে ঠিক কবে থেকে যেতে পার বে সেটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মালয়েশিয়ার মন্ত্রণালয়ের সাথে কথাবার্তা বলে সেটা ঠিক হবে। এখন পর্যন্ত আমার কাছে এ ব্যাপারে কোনো তথ্য নেই। বাংলাদেশ থেকে যদি মালয়েশিয়ায় প্রতিনিধি যায়, তাহলে আপনারা জানবেন।