কুষ্টিয়ায় আগামীকাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে মালিক সংগঠনগুলো। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এসএম রেজাউল ইসলাম বাবলু। মূলত বেহাল সড়ক ও অবৈধ যান চলাচলের প্রতিবাদে বাস মালিকদের সংগঠনগুলো এ সিদ্ধান্ত নিয়েছে। 

এসএম রেজাউল ইসলাম বাবলু জানান, কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপ, কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতি, জেলা বাস-মিনিবাস ও কোচ এবং মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন যৌথভাবে ১ জানুয়ারি থেকে সব বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বাসমালিকরা জানান, হাইকোর্টের নির্দেশ অমান্য করে কুষ্টিয়া মহাসড়কে ২৪ ঘণ্টাই চলাচল করছে নিষিদ্ধ যানবাহন। হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের কোনো তদারকি নেই। অন্যদিকে জেলার বেশির ভাগ সড়কই বেহাল। অবৈধ যানবাহন চলাচলের কারণে বৈধ যানবাহন মালিক ও শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এসব বিষয় বিবেচনায় মালিক-শ্রমিক সংগঠনগুলোর যৌথসভায় কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে।

কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক গ্রুপের কর্মকর্তারা জানান, ১৫ ডিসেম্বর মালিক ও শ্রমিক গ্রুপের সমন্বয় সভায় প্রশাসনকে ১০ দিনের আলটিমেটাম দেয়া হয়। ওই সভায় আজকের মধ্যে সব অবৈধ যানবাহন চলাচল বন্ধ করার ব্যবস্থা না নিলে ১ জানুয়ারি থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রাখা হবে। 

এরই মধ্যে সরকারের সংশ্লিষ্ট সব দপ্তরে এ সিদ্ধান্তের বিষয়ে অবগত করা হয়েছে। কিন্তু তাতে কোনো সাড়া পাওয়া যায়নি। কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আসগর আলী বলেন, সরকারের বিধিবিধান মেনে রাজস্ব দিয়ে মহাসড়কে যানবাহন নামিয়েছি। কিন্তু লাইসেন্সবিহীন অবৈধ যানবাহন সরকারকে কোনো রাজস্ব দিচ্ছে না। আবার তারাই মহাসড়কগুলোয় অরাজকতা সৃষ্টি করছে। ফলে আমরা বৈধ পরিবহন মালিক ও শ্রমিকরা ক্ষতির মধ্যে পড়েছি। হাইকোর্ট অবৈধ যানবাহন মহাসড়কে চলাচল বন্ধের নির্দেশ দিলেও সরকারের সংশ্লিষ্ট দপ্তর এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না।