দিনাজপুরের ঘোড়াঘাটে গরুবাহী একটি নসিমনের সঙ্গে আমের ক্যারেট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রশিদ (৬৩) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নসিমনে থাকা আরো ৬ জন গরু ব্যবসায়ী।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জ মাছবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বানেশ্বর গ্রামের আব্দুল মিয়ার ছেলে। আহতরা হলেন কসির উদ্দীনের ছেলে তারিফ হোসেন (৪৫), নসিমদ্দীনের ছেলে আমিরুল ইসলাম (৬০), হযরত আলীর ছেলে আজিজুল ইসলাম (৬০), আব্দুল হামিদের ছেলে লাভলু মিয়া (৩০), নুরুজ্জামানের ছেলে আবেদ আলী (৫৫) এবং অপর একজন হলেন তাসির উদ্দীন (৬২)। তারা সকলে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা এবং পেশায় তারা সবাই গরু ব্যবসায়ী।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পাশের গোবিন্দগঞ্জ উপজেলা থেকে নসিমনে করে ৫টি গরু বিক্রির জন্য ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ গৌহাটিতে যাচ্ছিলেন ১০ জন গরু ব্যবসায়ী। ব্যবসায়ীসহ গরুবাহী নসিমনটি রানীগঞ্জ বাজারের মাছহাটি এলাকায় পৌঁছালে দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জের উদ্দেশে যাওয়া আমের খালি ক্যারেট বোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ন-২১-৬১৪০) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন আব্দুর রশিদসহ ৭ জন গরু ব্যবসায়ী। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহত ৭ জনকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রশিদ নামের গরু ব্যবসায়ীকে মৃত বলে ঘোষণা করেন।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. তাজকিয়া বলেন, পুলিশ আহত অবস্থায় ৭ জনকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার পর আব্দুর রশিদ নামের একজন মারা যায়। আহতদের মধ্যে লাভলু মিয়া নামের একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। আহত বাকি ৫ জনের মধ্যে ৪ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং ১ জনকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দেবব্রত রায় বলেন, ট্রাক এবং নসিমন আমাদের হেফাজতে রয়েছে। ট্রাকটির চালক এবং চালক সহকারী (হেলপার) দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছে। নিহত ও আহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। এ ঘটনায় সড়ক আইনে নিয়মিত মামলা রুজু করা হবে।