ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-২ (খিলগাঁও তিলপাপাড়া) আঞ্চলিক কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এ সময় অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারি এবং পরবর্তীতে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন তিনি। আজ বুধবার সকাল ১০টায় তিনি এ পরিদর্শনে যান।
পরিদর্শনের শুরুতেই আঞ্চলিক কার্যালয়ের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়, যেন পরিদর্শন শুরু হওয়ার পর বিলম্বকারী কোনো কর্মকর্তা বা কর্মচারী ভেতরে প্রবেশ করতে না পারেন। এ সময় প্রশাসক প্রতিটি কক্ষ সরেজমিনে ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি যাচাই করেন। তিনি প্রতিটি শাখার হাজিরা খাতা পরীক্ষা করেন এবং অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের তাৎক্ষণিকভাবে হাজিরা খাতায় ‘অনুপস্থিত’ হিসেবে চিহ্নিত করার নির্দেশ দেন।
এ সময় অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারি এবং পরবর্তীতে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আবু আসলামকে নির্দেশ দেন ডিএসসিসি প্রশাসক।
এ ছাড়া পরিদর্শনের সময় তিনি নাগরিক সেবার মান বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট অঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম সরেজমিনে মনিটরিং ও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার জন্য আঞ্চলিক কর্মকর্তা-কর্মচারীদের কঠোর নির্দেশনা প্রদান করেন।










