সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের হত্যা, নিপীড়ন
ও গণগ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থীরা।
শনিবার (৩ আগস্ট) সকাল ৯টায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা।
পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পাশে রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই
সড়কে বিক্ষোভ মিছিল করে। এ সময় সড়কে তারা ১০-১৫ মিনিট অবস্থান নেয়। এরপর আবার বিক্ষোভ
মিছিলটি ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে শেষ হয়। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন
বিভাগের প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
গিয়াস উদ্দিন ও আব্দুস সাত্তার বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, একটা যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে নির্বিচারে শিক্ষার্থীদের গুলি করে হত্যা করা হয়েছে। এখন গণগ্রেফতার করা হচ্ছে। শিশু-কিশোরদেরকে রিমান্ডে নেয়া হচ্ছে। আমরা এসবের প্রতিবাদ জানাই। সকল হত্যার বিচার চাই। জেলে আটক শিক্ষার্থীদের মুক্তি ও মামলা হয়রানি বন্ধ চাই।










