নোয়াখালী জেলা পরিষদের সব পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আপিল বিভাগের আদেশ প্রতিপালনের জন্য নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখা-২–এর উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসককে জানানো হয়।
নোয়াখালী থেকে বিষয়টি নিশ্চিত করেছেন, রিটার্নিং কর্মকর্তা ও নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত চিঠিতে আগামী ১৭ অক্টোবরের জেলা পরিষদ নির্বাচনে সকল পদের নির্বাচন স্থগিতকরণের বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি।
জানা গিয়েছে, নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার পর যাচাই বাছাইয়ের ও প্রত্যাহারের পর চেয়ারম্যান পদে দুই জন, সাধারণ সদস্য পদে ২৭জন ও সংরক্ষিত সদস্য পদে ১৫জন নির্বাচনে অংশগ্রহণের জন্য চূড়ান্তভাবে মনোনীত হন। প্রাথমিক যাচাই বাছাইয়ের সময় ব্যাংকের ঋণ খেলাপির অভিযোগে মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয় চেয়ারম্যান প্রার্থী আলাবক্স তাহের টিটুর। পরবর্তীতে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করেও টিকেনি টিটুর মনোনয়ন। পরে টিটুর আবেদনের প্রেক্ষিতে তার মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন উচ্চ আদালত (হাইকোর্ট)। পরে হাইকোর্টের আদেশ পুনরায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সেই আবেদনের শুনানি নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করে ১৭ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন ঠিক করে দেন আদালত
উল্লেখ্য, জেলার ৯টি কেন্দ্রের বিপরীতে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৩০৬ জন, যার মধ্যে পুরুষ ৯৯৮ জন আর নারী ভোটার রয়েছেন ৩০৮ জন।










