বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ উপায়ে বিদ্যুৎ সংযোগের দায়ে রাঙ্গামাটির মাস্টারশেফ রেস্টুরেন্টকে ৩ লাখ ৫২ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিপি)। 

জানা গেছে, গত সোমবার বিকালে রাঙ্গামাটি শহরের বনরূপা এলাকার মাস্টারশেফ রেস্টুরেন্টে বিদ্যুৎ বিভাগের অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন বিপিডিপি রাঙ্গামাটি বিদ্যুৎ বিভাগের উপসহকারী প্রকৌশলী এরশাদ আলী। 

প্রকৌশলী এরশাদ আলী বলেন, গত সোমবার বিকালে রাঙামাটি শহরের বনরূপার মাস্টারশেফ রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়েছে। রেস্টেুরেন্টে গিয়ে দেখা যায় বিদ্যুতের খুঁটি থেকে সরাসরি একটি তার দিয়ে রেস্টুরেন্টে বিদ্যুৎ সংযোগ লাগানো হয়েছে। এসময় রেস্টেুরেন্ট থেকে বলা হয়েছে বিদ্যুৎ সংযোগের তারে এর আগে এটি মিটার ছিল। কিন্তু অভিযান পরিচালনার সময়ে কোনো মিটার না পাওয়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগের দায়ে মাস্টারশেফ রেস্টুরেন্টকে ৩ লাখ ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ব্যাংকের মাধ্যমে জরিমানার এ অর্থ জমা দিয়েছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ।

এদিকে, বিদ্যুৎ বিভাগের অভিযান পরিচালনার বিষয়টি 'সঠিক নয়' বলে দাবি করেন মাস্টারশেফ রেস্টুরেন্টের ব্যবস্থাপক আকাশ মিত্র। তিনি বলেন, বিদ্যুৎ বিভাগ থেকে তাদের রেস্টুরেন্টে সে ধরনের কোনো অভিযান পরিচালনা করা হয়নি। 

জরিমানার বিষয়টি অস্বীকার করে মাস্টারশেফ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম বলেন, মিটারে একটু সমস্যা ছিল। একটি জায়গাতে দুইটা মিটার ছিল। একটা মিটার নষ্ট হয়ে গিয়েছে। আমরা তা জানতাম না। যার কারণে মিটার নষ্টের বিষয়টি অফিসে না জানানোর কারণে তারা কিছুটা এদিক-ওদিক করছিল। মিটারের সমস্যা থাকাতে ইউনিটের কিছু এদিক-ওদিক হয়েছে। বিষয়টি ভুল বোঝাবুঝি  হয়েছে মাত্র। আগের কিছু বকেয়া বিল ছিল। অবৈধ বিদ্যুৎ সংযোগ সে ধরনের কোনো কিছু হয়নি।