বাগেরহাটের মোড়েলগঞ্জে ঘুমন্ত অবস্থায় বাবা-মায়ের পাশ থেকে চুরি যাওয়া নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার তিনদিন পর গতকাল সকালে বাড়ির পুকুর থেকে ১৭ দিন বয়সী ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
নবজাতকের বাবা সুজন খান বলেন, আমার বাবা ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে পুকুরে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ আসার আগেই মরদেহ উদ্ধার করে স্বজনরা।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, বাবা-মায়ের পাশ থেকে নবজাতক খোয়া যাওয়ার ঘটনার তিনদিন পর পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, চুরি যাওয়ার পর ওই পুকুরে তল্লাশি করা হয়েছিল। কিন্তু তখন ওই নবজাতকের সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি রহস্যজনক। তাই সম্ভাব্য সব ক্লু সামনে রেখে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। আশা করছি, দ্রুতই এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা যাবে।
এর আগে গত সোমবার রাতে নবজাতক চুরির ঘটনায় শিশুটির দাদা মো. আলী হোসেন খান বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মোড়েলগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত রোববার রাতে মোড়েলগঞ্জ উপজেলার গাবতলা গ্রামের সুজন খান ও শান্তা আক্তার দম্পতি নবজাতক সোহানাকে সঙ্গে নিয়ে ঘুমাতে যান। রাত ৩টার দিকে তাদের পাশে ওই নবজাতককে পাশে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়।










