সাতক্ষীরায় তেলবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মা ও এক নবজাতকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে ছয়জন। আজ বুধবার (১০ মে) বিকেল ৩টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মির্জাপুর শ্মশান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আশাশুনির শোভনালী ইউনিয়নের আলাউর গাইনের স্ত্রী তানজিলা বেগম (৪০), তার একদিনের শিশু ও তার স্বজন সদর উপজেলার নারানপুর গ্রামের ডালিম হোসেন।
নিহত নারীর স্বামী আলাউল ইসলাম বলেন, সন্তান জন্মদানের পর বাচ্চা অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছিল। পথে মির্জাপুর এলাকায় তাদের বহনকারী অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনার কবলে পড়ে।
প্রত্যক্ষদর্শী মির্জাপুর স্কুলের শিক্ষক সূর্য কান্ত পাল জানান, বিকেল ৩টার দিকে সাতক্ষীরাগামী একটি তেলবাহী ট্রাক ও খুলনাগামী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও নবজাতকের মৃত্যু হয়। এসময় অ্যাম্বুলেন্সের চালকসহ অন্তত চারজন আহত হন। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। বাকিদের অবস্থা আশঙ্কাজনক।
সাতক্ষীরা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. শিমুল রানা বণিক বার্তাকে জানান, বিকেল ৩ টার দিকে ৯৯৯ ফোন পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে আশংকজনক অবস্থায় মহিলা ও নবজাতক শিশুসহ কয়েকজনকে উদ্ধার করা হয়। পরে তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর শিশুসহ তিনজনই মারা যায়।
পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিত অধিকারী জানান, নিহত ওই মহিলার গর্ভে জমজ সন্তান ছিল। সাতক্ষীরার একটি ক্লিনিকে তিনি বাচ্চা প্রসব করেন। জন্মের পর একটি বাচ্চা অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্সে খুলনায় নিয়ে যাবার পথে এ দুর্ঘটনা ঘটে। মরদেহগুলো সাতক্ষীরা মেডিকেল কলেজে রয়েছে। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।










