দিনাজপুরের বিরামপুর সীমান্ত থেকে দুই কেজি ৪৭১ গ্রাম সাপের বিষ উদ্ধার করেছে বিজিবি। এগুলো ভারতে পাচার করা হচ্ছিল। ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি। গতকাল ভোরে উপজেলার উচাগোবিন্দপুর থেকে বিষগুলো উদ্ধার করে করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ জানান, সীমান্ত দিয়ে ভারতে সাপের বিষ পাচার হবে— এমন তথ্য তাদের কাছে ছিল। ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আফিক হাসানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় উচাগোবিন্দপুরে পরিত্যক্ত অবস্থায় দুটি কাচের জারে থাকা সাপের বিষ পাওয়া যায়। সীমান্ত দিয়ে সাপের বিষ পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।