চাঁদপুরের মতলবে জাতীয় পার্টির উপজেলা সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন। গতকাল দুপুরে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে একযোগে পদত্যাগের ঘোষণা দেন নেতাকর্মীরা।

এ সময় পদত্যাগপত্রে স্বাক্ষর করেন মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডিএম আলাউদ্দিন। পরে পৌর শাখার সভাপতি মহসিন সরকার, যুব সমিতির সভাপতি বাবুল ফরাজি, নায়েরগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল কাদেরসহ উপজেলা, পৌর ও ইউনিয়নের নেতাকর্মীরা পদত্যাগপত্রে স্বাক্ষর করেন।

পদত্যাগের পর সংবাদ সম্মেলনে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডিএম আলাউদ্দিন বলেন, ‘জাতীয় পার্টি থেকে পদত্যাগ করার কারণ একটাই, ফ্যাসিস্ট সরকারের আমলে এ দল ফ্যাসিস্ট সরকারকে সমর্থন দিয়েছে। যে কারণে জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করছি। উপজেলা কমিটির সদস্য ১৫১ জন। এখান থেকে ৯০ ভাগ নেতাকর্মী পদত্যাগ করেছেন। জাতীয় পার্টি ফ্যাসিস্ট সরকারকে সমর্থন করেছে, সেই বিবেক থেকে আমরা উপলব্ধি করছি আমরা অপরাধী।’