ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশ সরকারের পক্ষে আন্তরিক সমবেদনা জানিয়ে গতকাল এক বিবৃতিতে এসব কথা বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে যে সংঘাত কোনো সমাধান আনে না। কেবল সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্যই বিরোধ নিষ্পত্তি করতে পারে।

এর আগে ১ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ইরানের ওপর সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া চলমান সংঘাত ও অস্থিরতায় বাংলাদেশের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়।

সংঘাত নিরসনে সামরিক শক্তির পরিবর্তে কূটনৈতিক আলোচনার টেবিলে ফিরে আসার ওপর জোর দিয়েছে ঢাকা। বিবৃতিতে বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ এ অঞ্চলের একাধিক দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ আশা করে যে দ্রুততম সময়ে শান্তি অবস্থা বিরাজ করবে এবং অতি শিগগির সমগ্র অঞ্চলজুড়ে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠিত হবে।