নরসিংদীর মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে ডুবে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মনোহরদী উপজেলার শুকুন্দি ইউনিয়নের দীঘাকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো মো. জাকারিয়া ফরাজী (৪৫) তার ছেলে সাজিদ ফরাজী (৬)। তারা দীঘাকান্দি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ক্ষেত পরিচর্যার জন্য একটি কলাগাছ ধরে পুরাতন ব্রহ্মপুত্র নদ পাড়ি দিচ্ছিল জাকারিয়া ও তার ছেলে সাজিদ। মাঝ নদে যাওয়ার পর হঠাৎ করেই সাজিদ অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। তাকে তুলে আনতে জাকারিয়া ফরাজীও পানিতে ঝাঁপ দেয়। পরে দুজনই পানিতে তলিয়ে যায়।

আশপাশের লোকজন নদের পানিতে নেমে তাদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

মনোহরদী থানার উপপরিদর্শক মো. আমিনুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত বাবা-ছেলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।