নেত্রকোণায় পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে কলমাকান্দা উপজেলায় তায়েবা ও পূর্বধলা উপজেলায় আমির হামজা তাসকিন নামের দুই শিশু মারা গেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ও দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল আনুমানিক ১০টার দিকে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের শিংকাটা গ্রামে মজিবর রহমানের দেড়বছরের শিশু কন্যা তায়েবা বাড়ির উঠানে খেলার সময় পরিবারের অগোচরে পাশের পুকুরে পড়ে যায়। শিশুটিকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানি থেকে শিশু তাইয়েবাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, রোববার দুপুরে পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে শহীদ মিয়ার একবছর চারমাস বয়সি ছেলে আমির হামজা তাসকিন বাড়ির উঠানে খেলার সময় সবার অজান্তে পাশের পুকুরে পড়ে যায়। বেলা পৌঁনে দুইটায় নামাজ শেষে বাড়ি ফেরার পথে চাচাতো ভাই পুকুরের পানিতে শিশুটির নিথর দেহ ভাসতে দেখে চিৎকার দেন। পরে স্বজনরা শিশু আমির হামজা তাসকিকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।










