শেলটেক গ্রুপ ও এনভয় টেক্সটাইল লিমিটেডের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদকে বাংলাদেশে তিমুর-লেস্তের (পূর্ব তিমুর) সম্মানসূচক কনসাল (অনারারি কনসাল) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) দিলি শহরে এ নিয়োগ অনুমোদিত হয়।

তিমুর-লেস্তের পররাষ্ট্র ও সহযোগিতা মন্ত্রী বেনডিটো দস সান্তোস ফ্রেইতাস জানান, কুতুবউদ্দিন আহমেদ বাংলাদেশে তিমুর-লেস্তের স্বার্থ এবং নাগরিকদের অধিকার রক্ষা করবেন। এটি ১৯৬৩ সালের ভিয়েনা কনভেনশন এবং উভয় দেশের প্রচলিত আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মন্ত্রী নিজে এ নিয়োগপত্রে স্বাক্ষর ও সিলমোহর করেন।

কুতুবউদ্দিন আহমেদ বিজিএমইএ এবং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সাবেক প্রেসিডেন্ট। তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব ছিলেন এবং ২০০২ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার পান। ২০১৬ সালে ডিএইচএল ও দ্য ডেইলি স্টার তাকে বছরের সেরা ব্যবসায়িক ব্যক্তি হিসেবে সম্মানিত করে।

বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রিধারী কুতুবউদ্দিনের অভিজ্ঞতা টেক্সটাইল, গার্মেন্টস, রিয়েল এস্টেট, নির্মাণ, সিরামিক ও বিমান চলাচলসহ বিভিন্ন খাতে বিস্তৃত।

উল্লেখ্য, ২০২০ সালে তিনি স্পেনের রাজা কর্তৃক স্প্যানিশ রয়েল অর্ডার অব মেরিটের নাইট অফিসার খেতাবে ভূষিত হন।