খাস জমি দখলের অভিযোগে আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. নজরুল ইসলাম ভূঁইয়ার নামে মামলা হয়েছে। সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের (ঢাকা-১) সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী এ মামলা করেন।
এজাহারে বলা হয়েছে, আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের বিরুদ্ধে রাজধানীর খিলক্ষেত এলাকায় ৭ দশমিক ৯ একর খাস জমি দখলের প্রমাণ পাওয়া গেছে। এসব জমি ঢাকা ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলের বরুয়া, দক্ষিণখান ও উত্তরখান মৌজায় পড়েছে। বরুয়া মৌজায় ৪২টি দাগে ২ দশমিক ৭০ একর, দক্ষিণখান মৌজায় ৯৭টি দাগে ৪ দশমিক ৯ একর এবং উত্তরখান মৌজায় চারটি দাগে দশমিক ২৮ একর খাস জমি দখল করা হয়েছে। গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে আবাসিক প্লট হিসেবে এ জমি বিক্রির প্রমাণও পেয়েছে দুদক। মো. নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এর আগে আশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে এজাহার দায়ের করা যায় বলে আইনি মতামত দেয় দুদকের আইন অনুবিভাগ। মতামতে বলা হয়, ‘অভিযোগ সংশ্লিষ্ট মো. নজরুল ইসলাম ভূইয়ার বিরুদ্ধে আশিয়ান সিটি প্রকল্পের নাম ব্যবহার করে প্রতারণামূলকভাবে ওই সরকারি জমি অবৈধভাবে বালি ভরাট করে দখল করা হয়েছে মর্মে সাক্ষ্য স্মারকে উল্লেখ করা হয়েছে।’










