ঝালকাঠির নলছিটিতে খালে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বিকালে উপজেলার নাচনমহল ইউনিয়নের খাগড়াখানা গ্রামে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে বরিশাল নৌ-ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মৃত শিশুরা হলো খাগড়াখানা এলাকার শহিদ হাওলাদের মেয়ে রাফিজা আক্তার (৭) ও একই এলাকার সোহেলের ছেলে আল আমিন (৬)।
নাচন মহল ইউনিয়নের সদস্য জামাল হোসেন জানান, দুপুরে খাগড়াখানা বিলাম হাসপাতালের সামনের খালের পানিতে পড়ে দুই শিশু নিখোঁজ হয়। পরে স্থানীয়রা খোঁজাখোঁজি করে না পেয়ে নলছিটি ফায়ার সার্ভিসে খবর দেয়। তারা এসে প্রায় দেড় ঘণ্টা খোঁজাখুঁজি করে বিকালে দুই শিশুর মরদেহ উদ্ধার করেন।
বরিশাল নৌ-ফায়ার সার্ভিসের ডুবুরি দলের নেতা হুমায়ুন কবির জানান, আমরা অভিযান চালিয়ে শিশু দুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেছি। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছি।










