বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অপ্রয়োজনীয় তর্ক-বিতর্কে লিপ্ত হলে দেশ ও গণতন্ত্রের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, দেশ অনেক ক্ষতির ভেতর দিয়ে গেছে। এখন দেশ গড়ার সময়। গণতন্ত্র ও রাষ্ট্র কাঠামোকে পুনর্গঠনের জন্য ঐক্যবদ্ধ থাকা জরুরি।
আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে কুমিল্লা টাউন হল মাঠে মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, আমরা আমাদের পরিকল্পনা দেশের মানুষের কাছে তুলে ধরব। অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোরও উচিত তাদের পরিকল্পনা তুলে ধরা। জনগণই দেশের মালিক, তারাই সিদ্ধান্ত নেবে কাকে তারা দেশ পরিচালনার দায়িত্ব দেবে।
তিনি বলেন, বিগত ১৫ বছরে দেশের মানুষ বহু ক্ষতির সম্মুখীন হয়েছে। এখন দেশ গঠনের সময়। রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। বিএনপির পক্ষ থেকে আমরা সে প্রচেষ্টা অব্যাহত রাখব।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপির অন্যতম প্রধান লক্ষ্য নির্বাচন ও ভোট চাওয়া। গণতন্ত্রে বিশ্বাস করলে ভোট চাইতে হবে, নির্বাচন চাইতে হবে। অথচ কিছু লোক এটিকে অস্বাভাবিক হিসেবে দেখছে।
তিনি আরো বলেন, বাংলাদেশে যদি গণতন্ত্র চর্চা ও প্রতিষ্ঠা করা যায়, তাহলে ষড়যন্ত্রকারীদের হাত থেকে দেশ ও জনগণকে রক্ষা করা সম্ভব হবে। গণতন্ত্রের চর্চা যত বেশি হবে, ততই ষড়যন্ত্র থেকে দেশ নিরাপদ থাকবে।










