নবনির্বাচিত রাষ্ট্রপতিকে নিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগাগোড়া একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। এ পদের জন্য তার চেয়ে ভালো পছন্দ কেউ হতে পারে না। তিনি দীর্ঘ সংগ্রাম অতিক্রম করে, জেল-জুলুম সহ্য করে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন, কষ্ট করেছেন।

আজ বৃহস্পতিবার বিকালে রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণার পর সংসদ ভবনের মূল ফটকে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী।

আমির খসরু বলেন, যে আন্দোলন-সংগ্রামের বিনিময়ে আমরা আজকের গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে পেয়েছি, নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে একটি সংসদ ও সরকার গঠিত হয়েছে সেই আন্দোলন ও সংগ্রামে তার ভূমিকা অগ্রভাগে ছিল। তিনি একজন সৎ ও যোগ্য মানুষ। আমি আনন্দিত যে, এরকম একজন মানুষ রাষ্ট্রপতির চেয়ার অলংকৃত করতে যাচ্ছেন।

তিনি বলেন, দেশে শেষ কবে সত্যিকার অর্থে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল, আমার মনে হয় জনগণ তা ভুলেই গেছে। আজকে একটি নির্বাচিত সংসদে রাষ্ট্রপতি নির্বাচন হলো, সেটিও আমাদের জন্য বড় পাওয়া। এ গণতান্ত্রিক ধারা আমাদের অব্যাহত রাখতে হবে।

তিনি আরো বলেন, যে গণতান্ত্রিক ধারা ফিরে পাওয়ার জন্য আমরা লড়েছি, কষ্ট করেছি, জনগণ প্রাণ দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে এবং নির্যাতিত হয়েছে, সেই ধারাকে আমাদের অব্যাহত রাখতে হবে। এটা থাকলে আমাদের প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ব্যক্ত করেছেন, সবাই মিলে সেই বাংলাদেশ গড়তে পারব।