ঝালকাঠির রাজাপুর থানার সামনে বদ্ধভূমি সংলগ্ন স্টিল সেতুর উত্তর প্রান্তের একটি পাত ভেঙে গর্ত হয়ে মরণ ফাঁদের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতিতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।
এ সেতুর সংস্কার নিয়ে এলজিইডি ও সওজের মধ্যে চলছে ঠেলাঠেলি। সড়ক ও জনপদ বলছে, সেতুটি তাদের আওতায় না। একইভাবে এলজিইডিও বলছে সেতুটি তাদের আওতায় না। দুই বিভাগ এভাবে দায় এড়িয়ে যাওয়ায় সংস্কার হচ্ছে না সেতুটি।
সরেজমিনে দেখা গেছে, সেতুটির অধিকাংশ পাত ভালো থাকলেও উত্তর প্রান্তের দুটি পাত নষ্ট হয়ে গেছে। স্থানীয়রা জানায়, সেতুটি দিয়ে প্রতিদিন বিভিন্ন যানসহ হাজার হাজার মানুষ পারাপার হয়। এটা রাজাপুর সদরের অত্যন্ত গুরুত্বপুর্ণ ব্রিজ। এমনকি ব্রিজটি থানার সামনে হওয়ায় পুলিশের ঝালকাঠি জেলা সদরের সঙ্গে দ্রুত যোগাযোগ করার একমাত্র উপায়। তাই ব্রিজটি ভালোভাবে মেরামত করা খুবই জরুরি।
এ বিষয়ে রাজাপুর এলজিইডি প্রকৌশলী মো. গোলাম মস্তফা জানান, সড়ক এলজিইডির হলেও স্টিল ব্রিজের দায়দায়িত্ব এলজিইডির নয়। এ বিষয়ে ঝালকাঠি সওজের উপবিভাগীয় প্রকৌশলী মো. হুমায়উন কবির বলেন, সড়ক আমাদের নয়, তাই স্টিল ব্রিজের দায়দায়িত্বও আমাদের নয়। আসলে ব্রিজটি কার?










