চট্টগ্রাম চিড়িয়াখানার বাঘ জো বাইডেন ও বাঘিনী জয়ার ঘরে জন্ম নেওয়া তিনটি শাবকের নামকরণ করা হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি জন্ম নেয় এই তিন শাবক। গতকাল দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের উপস্থিতিতে এদের নামকরণ করা হয়। তিন শাবকের নাম রাখা হয়েছে- প্রকৃতি, স্রোতস্বিনী ও রূপসী। 

তিন শাবকই এবার ঈদ বিনোদনে চট্টগ্রাম চিড়িয়াখানার প্রধান আকর্ষণ হবে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। 

চট্টগ্রামে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, তিনটি মেয়ে বাঘ শাবকের বয়স একমাস পূর্ণ হয়েছে। আমরা এগুলোর নামকরণ করেছি। প্রকৃতি, স্রোতস্বিনী ও রূপসী। তিনটি বাঘ শাবকের জন্ম হয়েছে জো বাইডেন পরিবারে। প্যারিস জলবায়ু পরিবর্তন চুক্তিতে স্বাক্ষর করায় আমেরিকার প্রেসিডেন্টের সম্মানার্থে বাঘটির নাম জো বাইডেন রাখা হয়েছিল।

চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ জানান, ২৩ ফেব্রুয়ারি জো বাইডেন পরিবারে তিনটি বাচ্চার জন্ম হয়। সাতদিন পর আমরা লিঙ্গ নির্ধারণ করি যে, তিনটিই মেয়ে। প্রথমবারের মতো এগুলো আমরা উন্মুক্ত করে নামকরণের আয়োজন করেছি। ঈদে এই শাবকগুলো আমাদের চিড়িয়াখানার বড় আকর্ষণ। চট্টগ্রাম চিড়িয়াখানায় এ মুহূর্তে ১৭টি বাঘ আছে। এর মধ্যে পাঁচটি ছেলে ও ১২টি মেয়ে। এদের মধ্যে পাঁচটি বাঘ আবার বিরল সাদা বাঘ।