ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’
ও ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’
গতকাল উদ্বোধন করা হয়েছে।
হল দুটি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে ফুল, মাস্ক, কলমসহ বিভিন্ন উপহারসামগ্রীও দেন।
উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমরা একটি পরিচ্ছন্ন, সুন্দর ও সুশৃঙ্খল বিশ্ববিদ্যালয় গড়ে তুলব। তোমরা তোমাদের এই হলকে নিজেদের ঘর মনে করে পরিচ্ছন্ন রাখবে; কারণ পরিচ্ছন্নতাই হলো পবিত্রতা।
তিনি আরো বলেন, আজ ফেব্রুয়ারির প্রথম দিন। সুতরাং আজকের দিনের গুরুত্ব ও তাত্পর্য অনেক। মহান ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের বাংলা ভাষার মর্যাদা পেয়েছি। ভাষা আন্দোলনের পথ ধরেই ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর সুযোগ্য নেতৃত্ব ছাড়া স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পাওয়া অসম্ভব ছিল।’
এ সময় উপস্থিত ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মাসুম হাওলাদার ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট নুসরাত শারমিন, দুই হলের হাউজ টিউটররা।
এর আগে গত ২০ জানুয়ারি দুটি হলের আবাসিক শিক্ষার্থীদের আসন বরাদ্দের তালিকা প্রকাশ ও চাবি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ধারণক্ষমতা যথাক্রমে ১ হাজার ২৮৪ ও ১ হাজার ১৭৫। হলে প্রবেশের মধ্য দিয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো।










