জয়পুরহাটের তিন পৌরসভার নবনির্বাচিত মেয়রদের গণসংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বিকালে জয়পুরহাট জেলা আওয়ামী লীগ এক সমাবেশে এ সংবর্ধনা দেয়। রামদেও সরকারি বাজলা স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, জয়পুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র মোস্তাফিজুর রহমান, কালাই পৌরসভার মেয়র রাবেয়া কাজল, আক্কেলপুর পৌর মেয়র শহীদুল আলম চৌধুরী প্রমুখ।

সমাবেশে হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি নবনির্বাচিত মেয়রদের উদ্দেশে বলেন, জনগণ আপনাদের ভোট দিয়ে সেবক বানিয়েছে, তাদের নাগরিক অধিকার ও সব ধরনের সেবা প্রদান এবং পৌরসভার উন্নয়নে কাজ করতে হবে। মেয়র নির্বাচিত হয়ে জনগণকে ভুলে যাবেন না। প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করলে আপনাদের নিকট হতে মুখ ফিরিয়ে নেব।