চট্টগ্রামের মিরসরাইয়ে হামে আক্রান্ত হয়ে ১২ দিনের ব্যবধানে মৃত্যু হয়েছে এক বছর বয়সী দুই জমজ শিশুর। চিকিৎসায় প্রায় ৬ লাখ টাকা ব্যয় করেও সন্তানদের বাঁচাতে পারেননি বাবা-মা। দুই সন্তান হারানোর শোকের পাশাপাশি ঋণের বোঝাও বইতে হচ্ছে পরিবারটিকে।
মিরসরাই উপজেলার খৈয়াছরা ইউনিয়নের পূর্ব খৈয়াছরা তাকিয়াপাড়া এলাকার মুদি দোকানদার হারুন অর রশিদ ও ইসরাত জাহান দম্পতির ঘরে ২০২৫ সালের ১৬ এপ্রিল জন্ম নেয় জমজ দুই ছেলে। তাদের নাম রাখা হয় আব্দুল্লাহ আল নোমান ও আব্দুল্লাহ আল ফাহিম। এর আগে তাদের ছয় বছর বয়সী একটি কন্যাসন্তান ছিল।
পরিবারিক সূত্রে জানা যায়, চলতি বছরের ৮ মার্চ ফাহিম জ্বরে আক্রান্ত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর তার হাম শনাক্ত হয়। কিছুদিন চিকিৎসার পর অবস্থার উন্নতি হলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। তবে কয়েকদিন পর আবার শ্বাসকষ্ট দেখা দিলে পুনরায় হাসপাতালে ভর্তি করতে হয়।
এরইমধ্যে এপ্রিলের মাঝামাঝি সময়ে অসুস্থ হয়ে পড়ে নোমান। তাকেও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরীক্ষায় হাম শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ২২ মে নোমানের মৃত্যু হয়।
নোমানের মৃত্যুর পরদিন চিকিৎসকদের পরামর্শে ফাহিমকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) শয্যা সংকট থাকায় তিন দিন পর তাকে নারায়ণগঞ্জের একটি নবজাতক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৩ জুন ফাহিমের মৃত্যু হয়।
হারুন অর রশিদ বলেন, দুই ছেলের চিকিৎসার জন্য একটি এনজিও থেকে ঋণ নিয়েছি। আত্মীয়-স্বজনদের কাছ থেকেও ধার করেছি। সব মিলিয়ে প্রায় ৬ লাখ টাকা খরচ হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত দুই সন্তানকেই হারাতে হলো। এখন শোকের পাশাপাশি ঋণের বোঝাও বইতে হচ্ছে।










