মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ ঢাকা সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। গতকাল ঢাকায় মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহিদের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা জানান। রাষ্ট্রীয় অতিথি ভবনে এ দ্বিপক্ষীয় বৈঠক হয়।

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্যসেবা, শিক্ষা, যোগাযোগ, অভিবাসন, আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী করার বিষয়ে একমত হয়েছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি মানবসম্পদ উন্নয়ন এবং দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রশিক্ষণের বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্তও নেয়া হয়েছে। রোহিঙ্গা সংকট সমাধান এবং জলবায়ুসংক্রান্ত ঝুঁকি মোকাবেলায় আঞ্চলিক ও বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের পক্ষে মালদ্বীপের সমর্থন অব্যাহত থাকবে বলেও বৈঠকে জানানো হয়।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, টেকসই উন্নয়নের স্বার্থে আমরা অনেক বিষয়ে মতৈক্যে পৌঁছেছি। যার মধ্যে উল্লেখযোগ্য হলো একটি জয়েন্ট কমিশন গঠন, মানবসম্পদ বিষয়ে ও ফরেন সার্ভিস প্রশিক্ষণের জন্য চুক্তি।

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহিদ বলেন, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্যসেবা, শিক্ষাসহ দ্বিপক্ষীয় সব বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলাপ হয়েছে।

রোহিঙ্গা শরণার্থীদের ইস্যুতে বাংলাদেশকে সহায়তা করার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী। প্রশিক্ষণ ও বৃত্তি, স্বাস্থ্য ও চিকিৎসা, প্রতিরক্ষা এবং অন্যান্য প্রযুক্তিগত ক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদানের জন্য মালদ্বীপ কৃতজ্ঞতা প্রকাশ করছে বলে উল্লেখ করেন আবদুল্লাহ শহিদ।