ঈদ সামনে রেখে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে ক্রয় করা প্রায় ২৬ লাখ ৭০ হাজার টাকার শাড়ি, থ্রি-পিস ও লেহেঙ্গা জব্দ করেছে মিরসরাই থানা পুলিশ। গতকাল ভোর পৌনে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই থানা মসজিদের সামনে থেকে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কাপড়ের মধ্যে রয়েছে ৬০৬ পিস শাড়ি ও ৭৯ পিস থ্রি-পিস। এ সময় মাইক্রোবাসের চালক জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকার মৃত শরফুদ্দিনের ছেলে মোহাম্মদ সোহাগকে (৩২) আটক করা হয়। শাড়ি পাচারের কাজে ব্যবহূত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই থানার একদল পুলিশ ভোর পৌনে ৬টায় থানার ২০০ গজ দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাসের গতিরোধ করে তল্লাশি চালিয়ে এসব ভারতীয় শাড়ি-কাপড় উদ্ধার করা হয়। আটককৃত শাড়ি, থ্রি-পিসের বাজার মূল্য আনুমানিক প্রায় ২৬ লাখ ৭০ হাজার টাকা।










