চার দফা ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত এ ভূমিকম্প হয়। সকাল থেকে তিন দফায় শহরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল। সর্বশেষ বেলা ২টায় এ কম্পন অনুভূত হয়। এতে জেলাজুড়ে দেখা দেয় আতঙ্ক। লোকজন ভয়ে বহুতল ভবন ছেড়ে বাইরে চলে আসে। দফায় দফায় এমন ভূমিকম্প আগে কখনো অনুভব করেনি সিলেটবাসী। দেশের ইতিহাসে একদিনে চারবার ভূমিকম্পের ঘটনাও এ প্রথম। টানা চতুর্থ দফার কম্পনের কারণে আতঙ্ক বিরাজ করছে জনসাধারণের মাঝে।
সিলেটের আবহাওয়া অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে চতুর্থ দফার কম্পনের মাত্রা ও উত্পত্তিস্থল জানা যায়নি। এর আগে সকালে ভূমিকম্পের উত্পত্তিস্থল ছিল সিলেট সদরে, আর এর মাত্রা রেকর্ড করা হয়েছিল ৪ দশমিক ১।
আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, তিনবার ভূমিকম্প হলেও ঢাকা অফিসের সার্ভারের হিসাবে একটি ভূমিকম্প ধরা পড়েছে। যার মাত্রা ছিল ৪ দশমিক ১। আর এটি একদম সিলেট শহরেই এর উত্পত্তি। এর আগে সকাল ১০টা ৩৭, ১০টা ৫২ ও ১১টা ৩০ মিনিটে কম্পন অনুভূত হয়। কয়েক সেকেন্ডের ভূমিকম্পে কেঁপে ওঠে বাড়িঘর। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে নগরের জনসাধারণের মাঝে। অনেকে বাসা থেকে বেরিয়ে সড়কে চলে আসেন। তবে তাত্ক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সিলেট নগরের জিন্দাবাজারের বাসিন্দা জোবায়ের আহমদ বলেন, একদিনে এতবার ভূমিকম্প হতে আগে কখনো দেখিনি। জানি না এটি বড় ধরনের কোনো বিপর্যয়ের আভাস কিনা। তিনি আরো বলেন, চার দফায় ভূমিকম্পের পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকে বহুতল ভবনে ঢুকতে ভয় পাচ্ছেন।
বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে সিলেট অঞ্চল। দফায় দফায় ভূমিকম্প হওয়া মানে ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্প হওয়ার ইঙ্গিত। ভূগর্ভের প্লেটে কোনো কিছু ঘটছে, নয়তো এতবার ভূমিকম্প হতো না। সিলেটে ছোট ছোট ভূমিকম্প হওয়া মানে বাংলাদেশসহ পার্শ্ববর্তী ভারতের আসাম, নেপাল ও মিয়ানমার এ চার দেশে বড় ধরনের ভূমিকম্পের ঘটনা ঘটতে পারে। তারা আশঙ্কা করছেন, এ দশকেই সিলেট অঞ্চলে প্রবল মাত্রার ভূমিকম্প হতে পারে। ভৌগোলিক অবস্থান ও অতীত ইতিহাস পর্যবেক্ষণ করে তারা এমনটা আশঙ্কা করছেন।










