বিপুল পরিমাণ সার্টিফিকেট ও মার্কশিটসহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট এটিএম শামসুজ্জামান ও তার সহযোগী ফয়সাল হোসেনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল ভোর থেকে দুপুর পর্যন্ত রাজধানীর আগারগাঁও, পীরেরবাগ ও মিরপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিবির লালবাগের ডিসি মশিউর রহমান জানান, গোয়েন্দা লালবাগ বিভাগের একাধিক টিম ভোর থেকে নজরদারিতে রেখে দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণ ও মধ্য পীরেরবাগ, মিরপুর এবং আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট এটিএম শামসুজ্জামান ও তার সহযোগী ফয়সাল হোসেনকে গ্রেফতার করেছে। এ সময় কাছাকাছি দুটি ভিন্ন বাসায় তাদের হেফাজত থেকে একাধিক কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, কারিগরি শিক্ষা বোর্ড থেকে চুরি করে নেয়া হাজার হাজার অরিজিনাল সার্টিফিকেট ও মার্কশিটের ব্লাংক কপি, তৈরীকৃত শতাধিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, বায়োডাটা, গুরুত্বপূর্ণ দলিল ইত্যাদি উদ্ধার করা হয়েছে।
এটিএম শামসুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। গতকাল বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
অবৈধ সনদসহ কারিগরি শিক্ষা বোর্ডের প্রধান কম্পিউটার বিশেষজ্ঞ গ্রেফতার হওয়া প্রসঙ্গে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘এ প্রক্রিয়ায় জড়িত আরো অনেকেই আছে বলে আমাদের ধারণা। সেগুলো সব তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে।’










