প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কার্যালয়ে এ বৈঠক হয়।

এ সময় ভলকার তুর্কের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দলও উপস্থিত ছিল। প্রতিনিধিদের মধ্যে ছিলেন ইউএনের বাংলাদেশ রেসিডেন্ট কোঅর্ডিনেটর গুইন লুইস, সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খান, এশিয়া-প্যাসিফিক সেকশনের প্রধান রোরি মাংগোভার্ন, প্রধান মুখপাত্র রাভিনা শামদাসানি ও মানবাধিকার কর্মকর্তা লিভিয়া কোসেনজা।

বৈঠকে জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা এবং উচ্চ আদালতে বিচারক নিয়োগে স্বাধীন কমিশন গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে বিচার বিভাগের আধুনিকায়নে প্রধান বিচারপতির রোডম্যাপের প্রশংসা করেন তিনি। এ সময় বিচার বিভাগকে আরো স্বাধীনভাবে কার্যকর করতে গৃহীত উদ্যোগগুলোর সফলতা চান ভলকার তুর্ক।

এর আগে গতকাল সোমবার (২৮ আগস্ট) প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এশিয়া-প্যাসিফিক সেকশনের প্রধান রোরি মাংগোভার্ন। সে আলোচনার ধারাবাহিকতায় এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এ সময় প্রধান বিচারপতি আইনের শাসন ও মানবাধিকার রক্ষায় বিচার বিভাগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।