মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী যাত্রীবাহী একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও পুড়ে গেছে বাসটির বেশির ভাগ অংশ।

আজ রোববার (২৯ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে সদর উপজেলার তরা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বলেন, সকালে যাত্রী বেশে ওই মিনিবাসে উঠে বেশ কয়েকজন দুর্বৃত্ত। পরে তরা ব্রিজ পার হলে সব যাত্রীকে নামিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার গোলাম আজাদ খান। দ্রুত দুর্বৃত্তদের ধরে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান তিনি।