টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের ৫ ঘণ্টা পর দুই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত ১০টার দিকে হাতিবান্ধা ইউনিয়নের হতেয়া কেরানিপাড়া গ্রামের রান্না ঘর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। 

হাতিবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শিশু ওই গ্রামের প্রবাসী রাজু খানের মেয়ে রাইসা (২)।

হাতিবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন জানান, দীর্ঘদিন যাবত রাজু খানের পরিবারের সাথে প্রতিবেশির বিরোধ চলছিল। 

গতকাল সোমবার বিকেল ৫টা থেকে রাইসাকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার। পরে অনেক খোঁজাখুঁজির পর তাদের এক প্রতিবেশির রান্না ঘরের মাচার উপর বস্তার ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

ঘটনাস্থলে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল হক ভূইয়াসহ পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন।

ওসি সাইদুল হক ভূইয়া জানান, চেয়ারম্যানের কাছে আমরা খবর পায় যে একটি শিশুর বস্তাবন্দি লাশ পাওয়া গেছে। সাথে সাথে আমরা চলে আসি এবং এসে রান্না ঘরের লাকড়ির মাচার উপরে বস্তায় মোড়ানো শিশুটির মরদেহ উদ্ধার করি। 

শিশুটির মরদেহ মঙ্গলবার সকালে টাঙ্গাইল সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তেই বোঝা যাবে শিশুটিকে কীভাবে হত্যা করা হয়েছে। তবে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।