সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় প্রধান আসামি বাসচালক শহীদকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার সকালে সুনামগঞ্জ পৌরশহরের পুরাতন বাসস্ট‌্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৮ ডিসেম্বর বাসচালকের সহযোগী রশিদ আহাম্মেদকে জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

উল্লেখ্য, গত  ২৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় সিলেট থেকে ছেড়ে আসা দিরাইগামী একটি যাত্রীবাহী বাসে করে (সিলেট জ-১১০৭২৩) আসছিলেন ওই কলেজছাত্রী। দিরাই পৌরশহরের সুজানগর এলাকায় আসার পর তিনি ছাড়া বাকি যাত্রীরা নেমে যান। কোন যাত্রী না থাকায় বাসের চালক ও সহযোগী মিলে তাকে উত‌্যক্ত করার এক পর্যায়ে ধর্ষণের চেষ্টা করে। সম্ভ্রম বাঁচতে একপর্যায়ে চলন্ত বাস থেকে লাফ দিয়ে সড়কের পাশে পড়ে যান ওই শিক্ষার্থী। এসয়ম গ্রামবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাতেই কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

এ ঘটনায় গত ২৬ ডিসেম্বর রাতে ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে বাসের চালক,  চালকের সহযোগী (হেলপার) সহ অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে মামলা করেন।