সারা দেশে প্রায় দুই সপ্তাহ ধরে বইছে তাপদাহ। এর মধ্যে ভারতীয় সীমান্তঘেঁষা দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। রেকর্ড তাপদাহে জেলার জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। গরমে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি রোজাদারের অবস্থাও ওষ্ঠাগত। মৃদু, মাঝারি থেকে এরই মধ্যে তীব্র তাপদাহ শুরু হয়েছে। গতকাল বিকালে এ জেলায় চলতি গ্রীষ্ম মৌসুমের সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
চুয়াডাঙ্গার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, গতকাল বেলা ১২টায় এ জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। বেলা ৩টায় তাপমাত্রা দাঁড়ায় সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াসে। বুধবার বেলা ৩টায় জেলায় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এভাবে প্রতিদিনই দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড হচ্ছে।’ গত ১২ দিন ধরে জেলায় সবচেয়ে তাপমাত্রা বিরাজ করছে। দুই-তিনদিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ফলে তাপমাত্রা আরো বাড়তে পারে।
চলমান আবহাওয়ায় সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তীব্র তাপমাত্রা অনুভূত হচ্ছে। বেলা যত বাড়ছে রোদের তীব্রতা যেন আগুনের ফুলকির মতো ঝরছে। বিশেষ করে দুপুরের আগুনঝরা রোদের তেজে বাইরে বের হওয়া মুশকিল। এ অবস্থা বিরাজ করছে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত।
তাপপ্রবাহে সবচেয়ে ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া দিনমজুর, রিকশা-ভ্যান চালক ও কৃষক। তীব্র রোদে মাঠে টিকতে পারছেন না কৃষক ও দিনমজুর। রাস্তায় যাত্রী পাচ্ছেন না রিকশা-ভ্যান চালকরা।










