দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে করে এ সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়। রোববার (১৪ নভেম্বর) নতুন দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ লাখ ৫ হাজার ৮০০ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ ১ লাখ ৭৬ হাজার ৩৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৬ হাজার ৮৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের সঙ্গে বাড়ানো হয়েছে রৌপ্যের দামও। ২২ ক্যারেটের এক ভরি রৌপ্যের দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫৭২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রৌপ্যের দাম ৪ হাজার ৩৬২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রৌপ্যের দাম ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রৌপ্যের দাম ২ হাজার ৭৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

এর আগে গত বৃহস্পতিবার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করে বাজুস। সেদিন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা নির্ধারণ করা হয়।