ফরিদপুরে কাজল রেখা (৩২) নামের এক পাটকল শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল বিকালে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুল রহমান এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের পশ্চিম আড়পাড়া গ্রামের চুন্নু সিকদার (৩২), ইসলাম মীর (৩৬), আতিয়ার মোল্লা (৪৬), নাসির খান (৪৪) ও কামারখালী বাজার এলাকার মো. নাজমুল হোসেন (৩৬)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, মধুখালীর রাজধরপুর গ্রামের প্রাইড জুট মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন মাগুরার শ্রীপুর উপজেলার বরলীদাহ গ্রামের মৃত রাম গোপাল বিশ্বাসের মেয়ে স্বামী পরিত্যক্ত কাজল রেখা। চাকরির সুবাদে তিনি রাজধরপুর গ্রামের লাকী বেগমের বাড়িতে ভাড়া থাকতেন। ২০১৯ সালের ১৫ অক্টোবর ওভারটাইম ডিউটি করে রাত সাড়ে ১১টার দিকে বের হন কাজল লেখা। পথে নছিমনচালক চুন্নু সিকদার প্রথমে তাকে রাজধরপুর গ্রামের বাবু মিলিটারির কলাবাগানে নিয়ে ধর্ষণ করেন। এ সময় বাকি চারজন দেখে ফেলায় তারাও তাকে পালাক্রমে ধর্ষণ করেন। পরে তারা কাজলকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে চলে যান। পরদিন সকাল ৭টার দিকে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ কাজল রেখার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় কাজলের মা কল্যাণী বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে ধর্ষণের পর হত্যার অভিযোগে মধুখালী থানায় একটি মামলা করেন।










