ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি হিসাব অনুযায়ী ২৪ ঘণ্টায় সারা দেশে মৃত্যু হয়েছে ১০ জনের। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৬৬ জন। ৭৯১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
শুক্রবার (১ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু, আক্রান্ত ও ছাড়পত্র পাওয়ার এসব তথ্য আজ শনিবার জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঢাকা দক্ষিণ সিটিতে ৪ জন, উত্তর সিটিতে ১ জন, বরিশাল বিভাগে ৩ জন, খুলনা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন। এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৯৬৬ জন। এর মধ্যে বরিশাল বিভাগে ১২৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬৯ জন, ঢাকা উত্তর সিটিতে ২৭২ এবং দক্ষিণ সিটিতে ১৮০ জন, খুলনা বিভাগে ৮১ জন, রাজশাহী বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ৪০ জন, রংপুর বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ৫ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৬৩ হাজার ১৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩১০ জনের। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন। চলতি বছর চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৫৮ হাজার ৭২৯ জন ডেঙ্গু রোগী।










