মানিকগঞ্জের
ঘিওরে ১৫ নং পাচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন
দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার
বালিয়াখোড়া ইউনিয়নের স্কুলটিতে আগুন দেয়া হয় বলে জানিয়েছেন প্রধান শিক্ষক মৌসুমী খান।
প্রধান শিক্ষক জানান, ভোরে বিদ্যালয়ের নৈশ
প্রহরী পাশের মসজিদে ফজরের নামাজ পড়তে গেলে স্কুলে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে কয়েকটি প্লাস্টিকের
চেয়ার ও চিত্রাঙ্কনের ফেস্টুন পুড়ে গেছে এবং বিদ্যালয়ের
বিভিন্ন দেয়ালে কালো ধোঁয়ার আস্তরণ
পড়েছে। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হয়েছে।
উপজেলা শিক্ষা
অফিসার হাসিনা আক্তার পারভীন জানান, বিদ্যালয়ের প্রধান
শিক্ষকের মাধ্যমে বিদ্যালয়ের অগ্নিসংযোগের কথা জেনেছেন তিনি। তবে কে বা কারা
এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এরই মধ্যে ঘটনাস্থল
পরিদর্শন করেছেন ঘিওর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন
এ পুলিশ কর্মকর্তা।










