সরকার পার্বত্য এলাকায় শান্তি-শৃঙ্খলা ও উন্নয়ন নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির পেছনে সরকারি উন্নয়ন কর্মকাণ্ডই মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছে।

আজ রোববার (২০ জুলাই) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মো. তৌহিদ হোসেন। এ সময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকার পার্বত্য এলাকার উন্নয়নে সচেষ্ট। এর উন্নয়নে পার্বত্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো আন্তরিকভাবে কাজ করছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেন, গুণগত শিক্ষা, আর্থ-সামাজিক অগ্রগতি ও টেকসই উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পার্বত্য মন্ত্রণালয়।

তিনি জানান, পার্বত্য জেলার মধ্যে বান্দরবান তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে। এ অবস্থার পরিবর্তনে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আন্তরিকভাবে কাজ করছে।

সুপ্রদীপ চাকমা বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় বরাদ্দ আনা হবে। তবে এসব উদ্যোগ সফল করতে সবার একসঙ্গে কাজ করা দরকার। বিশেষ করে গুণগত শিক্ষা ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। তিনি আরো বলেন, প্রান্তিক জনগণের কল্যাণে বাস্তবসম্মত প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে জেলা পরিষদকে কার্যকরভাবে ভূমিকা রাখতে হবে।

জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইয়ের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা।

আলোচনার পর উপদেষ্টাদ্বয় জেলার ৪৮২ জন দরিদ্র কৃষক ও নারীকে কৃষি ও আর্থসামাজিক খাতে উন্নয়ন উপকরণ বিতরণ করেন। উপকরণগুলোর মধ্যে ছিল ফলদ ও বনজ চারা, গবাদি পশু, সেলাই মেশিন, প্রসূতি নারীদের জন্য নগদ সহায়তা ও ক্রীড়া সামগ্রী।