ভারতের মণিপুর রাজ্যে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। এর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, মঙ্গলবার দিবাগত রাত ২টা ২৪ মিনিটে এ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে ২১৭ কিলোমিটার দূরে ভারতের মনিপুর রাজ্যে।

ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভারতের মণিপুর রাজ্যের ইম্ফলের ৩৯ কিলোমিটার দূরে বুধবার (২৮ মে) মধ্যরাত ১টা ৫৪ মিনিটে (বাংলাদেশ সময় ২টা ২৪ মিনিট) ৫ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৪৭ কিলোমিটার (২৯ মাইল) অগভীর, যার কারণে কম্পন বিস্তৃত এলাকাজুড়ে জোরালোভাবে অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল অগভীর হওয়ায় একই মাত্রার গভীর ভূমিকম্পের চেয়ে ভূপৃষ্ঠের কাছাকাছি এর প্রভাব বেশি ছিল।