খাগড়াছড়ি গুইমারা উপজেলায় প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কালেক্টর নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে অংথোয়াই মারমা ওরফে আগুনের (৫২) মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।
পুলিশ জানায়, গুইমারা উপজেলার দেওয়ানপাড়া সংলগ্ন মিশন টিলা এলাকার রাস্তার উপর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে একটি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি পাওয়া গেছে।
স্থানীয়ভাবে জানা গেছে, প্রসীত বিকাশ খীসা নেতৃত্বাধীন ইউপিডিএফের কালেক্টর ছিলেন নিহত আগুন। তিনি দীর্ঘদিন যাবৎ সংগঠনটির গুইমারা ইউনিটের দায়িত্ব পালন করছিলেন।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আগুনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসাপাতালে প্রেরণ করা হবে।
কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে- এ বিষয়ে তথ্য মেলেনি। বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে জানান ওসি।
এদিকে ইউপিডিএফের একটি সূত্র বলছে, শুক্রবার সকালে অংথোয়াই মারমা সাংগঠনিক কাজে যাচ্ছিলেন। এ সময় দেওয়ান পাড়া এলাকায় আগে থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষের সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।










