বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামী ২৫ ও ২৬ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হবে ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিইএআর সামিট ২০২৬’।

আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) এবং সিলিকন রিভার বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এ সামিটে নীতিনির্ধারক, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, গবেষক, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞরা অংশ নেবেন।

তিনি জানান, ২৫ জুলাই সকাল ১০টায় ঢাকার নভোথিয়েটারে প্রধানমন্ত্রী তারেক রহমান সামিটের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ডাক, টেলিযোগাযোগ, আইসিটি ও বিজ্ঞান-প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব এনাম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

সচিব বলেন, সামিটের লক্ষ্য বাংলাদেশের সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বায়োটেকনোলজি ও রোবোটিক্স খাতের সক্ষমতা, মানবসম্পদ উন্নয়ন, দেশী-বিদেশী বিনিয়োগ এবং আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ তুলে ধরা। দুদিনে ১১টি প্লেনারি সেশন, সাতটি কৌশলগত প্যানেল আলোচনা এবং প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, সরকার ‘‌সায়েন্স টু ইকোনমি: বিল্ডিং আ মার্কেট-লিংকড, ইনোভেশন-ড্রিভেন বাংলাদেশ’ ভিশন বাস্তবায়নে ৪টি স্তম্ভের ওপর ভিত্তি করে কাজ করছে। সেগুলো হলো, ১) স্টেম অ্যান্ড হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট: প্রাথমিক পর্যায় থেকে বিজ্ঞান অলিম্পিয়াডকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি ধারাবাহিক মানবসম্পদ শৃঙ্খল তৈরি করা, ২) রিসার্চ টু মার্কেট (আর২এম) আওতায় কেবল গবেষণাপত্র প্রকাশে সীমাবদ্ধ না থেকে গবেষণালব্ধ জ্ঞানকে শিল্প ও বাজারে প্রয়োগযোগ্য পণ্য ও সেবায় রূপান্তর করা, ৩) ইনোভেশন টু মার্কেট (আই২এম) এর আওতায় আগামী সেপ্টেম্বর ২০২৬-এর শুরুতে প্রথমবারের মতো 'বাংলাদেশ জাতীয় উদ্ভাবন মেলা ২০২৬' আয়োজন এবং ভার্চুয়াল হাই-টেক সাইন্স সিটির মাধ্যমে উদ্ভাবকদের সহায়ক পরিবেশ তৈরি করা, ৪) ফ্রন্টিয়ার টেকনোলজিস : সেমিকন্ডাক্টর ডিজাইন, এআই, বায়োটেকনোলজি ও স্পেস রিসার্চ সক্ষমতা বৃদ্ধি করা।

সামিটে টেক্সাস ইনস্ট্রুমেন্টসের চিফ টেকনোলজি অফিসার ড. আহমেদ বাহাই, পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিমিত্রিওস পেরুলিসসহ আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বক্তব্য দেবেন। এছাড়া গ্লোবালফাউন্ড্রিজ, এনএক্সপি, অ্যাপলাইড ম্যাটেরিয়ালস, স্যান্ডিস্ক, ক্রেডো এবং ভিয়েতনাম সেমিকন্ডাক্টর অ্যালায়েন্সের প্রতিনিধিরাও অংশ নেবেন।

সামিটের পাশাপাশি ‘বিইএআর ইনোভেশন এক্সপো ২০২৬’ অনুষ্ঠিত হবে। এতে শিক্ষার্থী ও স্টার্টআপ উদ্যোক্তাদের উদ্ভাবিত সেমিকন্ডাক্টর, এআই, রোবোটিক্স, স্বাস্থ্যপ্রযুক্তি ও অন্যান্য ডিপ-টেক খাতের উদ্ভাবন ৩৫টি স্টলে প্রদর্শন করা হবে।