রাজধানীর যাত্রাবাড়ীর একটি আবাসিক হোটেল থেকে সামিয়া রহমান সৃষ্টির
(৩৪) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি প্রয়াত চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান
সোহানের মেয়ে। উত্তরা ৩ নম্বর সেক্টরে স্বামী তানিমের সঙ্গে থাকতেন সামিয়া।
রোববার (৭ এপ্রিল) রাত ৮টার দিকে যাত্রাবাড়ীর একটি আবাসিক হোটেলের
কক্ষে এ ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে সামিয়ার মরদেহ উদ্ধার করে রাত সাড়ে ১১টার
দিকে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। মৃত্যুর বিষয়টি
নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির হোসেন।
তিনি বলেন, সংবাদ পেয়ে সন্ধ্যার পর দক্ষিণ যাত্রাবাড়ীতে ‘রংধনু’
নামে একটি আবাসিক হোটেলে সামিয়া রহমান সৃষ্টির মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এ
সময় ওই কক্ষের জানালার গ্রিলের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তার দেহ ঝুলছিল। ধারণা
করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।
তিনি আরো বলেন, পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করে সামিয়া
বাসা থেকে বের হয়েছিলেন। রোববার দুপুরে তিনি যাত্রাবাড়ীর ওই আবাসিক হোটেলে ওঠেন। হোটেল
কর্তৃপক্ষ ইফতার নিয়ে তার রুমের দরজায় নক করে। কোনো সাড়াশব্দ না পেয়ে পরবর্তীতে থানায়
খবর দেয়। এর পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। বিস্তারিত
তদন্ত করে দেখা হচ্ছে।
রোববার দুপুর আড়াইটার দিকে ওই আবাসিক হোটেলে উঠেছিলেন সামিয়া রহমান।
এ সময় তিনি একাই ছিলেন, তার সঙ্গে কেউ ছিল না।
উল্লেখ্য, ঢাকাই সিনেমার খ্যাতিমান পরিচালক সোহানুর রহমান সোহান ২০২৩
সালের ১৩ সেপ্টেম্বর মারা যান।










