কেরানীগঞ্জের বাবু বাজার এলাকার জমেলা টাওয়ারে আগুন লেগেছে। ১২ তলা ভবনটি থেকে এ পর্যন্ত মোট ৪২ জনকে উদ্ধার করে বিভিন্ন সিঁড়ি দিয়ে নিরাপদে নামিয়ে আনা হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।

বহুতল ভবনটির নিচতলায় আজ শনিবার ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এখন আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে।

আগুন লাগার পর ৫টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।