চার মাসের বকেয়া বেতন দাবিতে আন্দোলনে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ চম্পা খাতুন মারা গেছেন। তিনি সাভারের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন। আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি।
নিহতের ভাই বলেন, আমার বোন জেনারেশন নেক্স টু ফ্যাশন লিমিটেডে সেলাই মেশিন অপারেটর হিসেবে কাজ করে। গত চার মাস ধরে তাদের বেতন দেয় না। এ নিয়ে গত ২৩ অক্টোবর সকালের তারা আন্দোলন করতে গেলে পুলিশ গুলি করে। এ সময় আমার বোনের পেটে ও বাম হাতে গুলি লাগে।
প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। পরে সকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় আমার বোন মারা গেছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত চম্পার পেটে, বুকে ও হাতে শটগানের গুলি লেগেছিল। চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা গেছেন তিনি।










