গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের নিমতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। রোববার (২৩ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে একটি দ্রুতগামী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে।
নিহতরা হলেন— গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন হায়দরাবাদ গ্রামের ইজিবাইক চালক মো. আবু হানিফ (৩৫) ও মাজুখান দক্ষিণ পাড়া গ্রামের যাত্রী সাব্বির আলম (২৫)। দুর্ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, একটি দ্রুতগামী ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। একই সময় পুবাইলমুখী ব্যাটারিচালিত অটোরিকশাটি নিমতলী এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুবাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ এবং আহতদের দ্রুত শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আমিরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। ট্রাক ও অটোরিকশাটি সড়কের পাশে দুমড়েমুচড়ে পড়ে আছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, এ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে, বিশেষ করে অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনার কারণে। তারা প্রশাসনের কাছে স্পিড ব্রেকার স্থাপনসহ সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় নিহতদের পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পর স্থানীয়রা কিছুক্ষণ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।















