ব্যর্থতার দায় স্বীকার করে গতকাল ফেসবুকে একটি পোস্টে তিনি বলেন, ‘অগ্নিদগ্ধ হতে সংবাদপত্রটিকে বাঁচাতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। এ ব্যর্থতার দায় আমাদের। এখানে কোনো যদি বা কিন্তু নাই।’

গত বুধবার কারওয়ান বাজারে বাংলা দৈনিক প্রথম আলোর দগ্ধ ভবনে শিল্প প্রদর্শনী দেখতে গিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি। ফাওজুল কবির খান বলেন, ‘প্রথম আলো আক্রান্ত হয়েছে এটা দুঃখজনক হলেও এ ধরনের ঘটনা বিরল নয়। স্মর্তব্য, উগ্রপন্থীদের হাতে খোদ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল হিল আক্রান্ত হয়েছিল।’

তবে সংবাদপত্র রক্ষায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতাকে ‘অমার্জনীয়’ বলে বর্ণনা করেছেন তিনি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেই তাগিদ দিয়েছেন ফাওজুল কবির খান। তিনি বলেন, ‘আমাদের সামনে এগিয়ে যেতে হবে, যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। কেবল উগ্রবাদীদের দোষারোপ করে এ থেকে নিস্তার পাওয়া যাবে না।’

সমাজে বিভাজনমূলক মনোভাব থেকে ‘বের হয়ে সংলাপের আহ্বান’ জানিয়ে তিনি বলেন, ‘আমাদের সময়ের সবচেয়ে ক্ষতিকর চিন্তা হলো—‘কেবল আমিই ঠিক এবং অন্যরা আমাদের প্রতিপক্ষ।’ এ ধারণা থেকে বের হয়ে আসতে হবে। শুরু করতে হবে সংলাপ সব বিরুদ্ধবাদীর সঙ্গে।’

পোস্টে তিনি বলেন, ‘আবারো প্রথম আলোয় উগ্রবাদীদের অগ্নিসংযোগের নিন্দা জানাচ্ছি ও এটা প্রতিহত করতে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় স্বীকার করছি।’