সৌদি আরবে নিহত বাংলাদেশী শ্রমিক আব্দুল্লাহ আল মামুনের মরদেহ দেশে পৌঁছেছে। আজ সকাল পৌনে ১০টায় সৌদি এয়ারলাইনসের ফ্লাইট নম্বর এসভি-৮০৬ যোগে মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী মরদেহটি গ্রহণ করেন।
গত ৮ মার্চ সৌদি আরবের আল-খরাজ এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিদগ্ধ হন আব্দুল্লাহ আল মামুন। পরে রিয়াদে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ।
আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর আমাদের কাছে এসেছে। এর মধ্যে ৪ জনের মরদেহ আমরা গ্রহণ করেছি আর ১ জনের মরদেহ পরিবারের সম্মতিতে সৌদি আরবেই দাফন করা হয়েছে।
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, নিহতের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে দাফনকার্যের জন্য ৩৫ হাজার টাকা এবং নগদ ৫০ হাজার টাকা তাৎক্ষণিকভাবে দেয়া হয়েছে। এছাড়া আর্থিক সহায়তা হিসেবে ৩ লাখ টাকা দেয়া হবে।










