পিরোজপুরে নাদিম খান (৩২) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলেছে সন্ত্রাসীরা। গতকাল দুপুরে সদর উপজেলার
কদমতলা ইউনিয়নের উত্তর কদমতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত নাদিম খান তেজদাসকাঠী এলাকার নজরুল ইসলাম খানের ছেলে ও
আহত মাসুদ শেখ (২৫) উত্তর কদমতলা এলাকার আবদুর রহিম শেখের ছেলে। কদমতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
কদমতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হানিফ খানের ভাষ্য, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় যোগদান করাকে কেন্দ্র করে নাদিম খান (৩২) ও মাসুদ শেখের ওপর এ হামলা হয়। তিনি জানান, কদমতলা ইউপি চেয়ারম্যান শেখ শিহাব হোসেন ও তার ভাইয়ের নেতৃত্বে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে নাদিম খানের হাত কুপিয়ে বিচ্ছিন্ন করা হয়েছে।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক
আরিফ হাসান জানান, দুজনকে আহতাবস্থায় হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে একজনের হাতের কব্জি বিচ্ছিন্ন থাকায়
তাকে
উন্নত
চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান শেখ শিহাব হোসেন জানান, এ হামলার বিষয়ে তিনি কিছুই জানেন না, তবে শুনেছেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.জা.মো. মাসুদুজ্জামান জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
উল্লেখ্য, দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে কদমতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ খান চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে শেখ মো. শিহাব হোসেনের কাছে পরাজিত হন।










