নরসিংদীতে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আজ সোমবার ভোরে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নরসিংদী জেলার মনোহরদী থানার বীরগাঁও গ্রামের মৃত- ইসমাইল মিয়ার ছেলে কথিত জিনের বাদশা সোনাম উদ্দিন (৮০) ও নরসিংদী সদর থানার পশ্চিম দত্তপাড়া মহল্লার আসাদ মিয়ার ছেলে সাদিকুর রহমান ওরফে সিদ্দিক (৪৪)।
নরসিংদী জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রূপণ কুমার সরকার জানান, গত ৩ অক্টোবর নরসিংদী শহরের সিঅ্যান্ডবি রোডের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন ফারুক আহমেদ নামে এক ব্যক্তি। এসময় পাশে বসে থাকা সাদিকুর রহমান ওরফে সিদ্দিক বলে ওঠেন, ১৪ বছর মামলা চালাইয়া জায়গার কোনো হদিস পাইলাম না, সেই মামলার কাগজ পাইলাম সোনাম উদ্দিন হুজুরের কাছে গিয়ে।
ফারুক আহমেদের জমিজমা নিয়ে বিরোধ থাকায় সিদ্দিকের কথা বিশ্বাস করেন এবং তার মাধ্যমে সোনাম হুজুরের সঙ্গে কথা বলিয়ে দিতে অনুরোধ করেন। এসময় সিদ্দিক একটা মোবাইল নম্বরে ফোন করে সোনাম উদ্দিন হুজুরের সঙ্গে কথা বলিয়ে দেন। সোনাম হুজুর ফারুককে সরাসরি দেখা করতে বলেন।
পরে ৪ অক্টোবর ফারুক আহমেদ সিদ্দিকের সঙ্গে মনোহরদীর বীরগাঁও এলাকায় কথিত জিনের বাদশা সোনাম উদ্দিনের কাছে যান। সোনাম উদ্দিন অদ্ভুত আলখাল্লা পরে কথা বলেন এবং ফারুকের আস্থা অর্জন করেন। জমি ও ভালো চাকরি পাইয়ে দেয়ার কথা বলে কয়েক ধাপে ফারুকের কাছ থেকে ৩ লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে নেন। বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পরও কাজ না হওয়ায় ফারুকের সন্দেহ হয় এবং ৮ নভেম্বর তিনি নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে মৌখিকভাবে অভিযোগ করেন।
পরে ডিবির এসআই তাপস কান্তি রায় তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করেন এবং অভিযান পরিচালনা করে মনোহরদী থানাধীন বীরগাঁও থেকে দুজনকে গ্রেফতার করেন।
এসময় তাদের কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা, আংটি, পাথর, আলখাল্লা উদ্ধার করা হয়।










