চলতি মাসে রাজাকারদের তালিকা প্রকাশিত হবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গতকাল টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ‘আগে রাজাকারদের তালিকা প্রকাশের কোনো এখতিয়ার ছিল না। স্বাধীনতাবিরোধীদের তালিকা প্রস্তুত করার জন্য পূর্ণাঙ্গ আইন করা হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ওপর সেই দায়িত্ব অর্পিত হয়েছে। সাবেক মন্ত্রী শাজাহান খানকে রাজাকারদের তালিকা প্রণয়ন কমিটির আহ্বায়ক করা হয়েছে। আর উনারা কাজ করে যাচ্ছেন। আমরা আশা করি সেই কাজের অগ্রগতি আছে। তবে চলতি মার্চে সেই তালিকা প্রকাশিত হবে না। একটু বিলম্বে প্রকাশিত হবে।’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আরো বলেন, ‘আমাদের পক্ষ থেকে তাগিদ আছে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুততম সময়ে তালিকা প্রকাশ করার। এ তালিকায় উপজেলা, জেলা ও কেন্দ্রীয় রাজাকারদের নাম থাকবে, আর এ সরকারের মেয়াদেই সেই তালিকা প্রকাশ হবে ইনশাআল্লাহ।’

গতকাল দুপুর ১২টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে মন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ এবং বঙ্গবন্ধুসহ তার পরিবারের শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

পরে পবিত্র ফাতিহা ও দরূদ পাঠ শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদত বরণকারী বঙ্গবন্ধু ও তার পরিবারের সব শহীদ সদস্যের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ ও পুলিশ সুপার আয়েশা সিদ্দিকাসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।